কমলাপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার


রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ রেলওয়ের কর্মী মোহাম্মদ সাখাওয়াত হোসেন রায়হান (৩২) এবং শাহজাহানপুর থানা যুবলীগের সক্রিয় কর্মী মোহাম্মদ সানমুন (২৩)।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ এসব তথ্য জানান।
পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টা ৩৭ মিনিটে কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় তথ্য-প্রযুক্তির সহায়তা, গোয়েন্দা তথ্য ও সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
ডিসি হারুন অর রশিদ জানান, জনমনে ভীতি সৃষ্টি, লকডাউন সফল করা এবং নিজেদের অবস্থান জানান দেওয়ার উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটানো হয়েছিল। ঘটনায় জড়িত আরও কয়েকজনের নাম-পরিচয় পাওয়া গেছে এবং ঢাকা রেলওয়ে থানায় ২০ সেপ্টেম্বর একটি মামলা রুজু করা হয়েছে।
রাজধানীতে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে ডিসি হারুন বলেন, মেগাসিটি ঢাকায় নিষিদ্ধ সংগঠনের নানা তৎপরতা মোকাবিলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তারদের অধিকতর জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনার পেছনে অর্থায়ন, সমন্বয় ও ভিডিও ধারণকারীদের শনাক্তে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।




