বাংলাদেশ–ইউনান সহযোগিতায় নতুন সম্ভাবনা: বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান


চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) কুনমিংয়ে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত কনসাল জেনারেল শাহানাজ আখতার রানু ইউনান প্রাদেশিক পররাষ্ট্রবিষয়ক দপ্তরের (ইউনান এফএও) মহাপরিচালক ইয়াং শাওছেংয়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানান।
ইউনান এফএও কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও ইউনান প্রদেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে কনসাল জেনারেল শাহানাজ আখতার রানু দুই অঞ্চলের সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক সম্পৃক্ততা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
ডিজি ইয়াং শাওছেং নবনিযুক্ত কনসাল জেনারেলকে স্বাগত জানিয়ে উল্লেখ করেন যে, গত বছর ইউনান প্রদেশ ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ১৩০ কোটি ইউয়ান ছাড়িয়ে গেছে। চলতি বছর এই বাণিজ্যে আরও ইতিবাচক অগ্রগতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের চ্যান্সারি স্থানান্তরের বিষয়টি আলোচনার পাশাপাশি উভয় পক্ষ দুই অঞ্চলের জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা জোরদারে একযোগে কাজ করার ঐকমত্য পোষণ করে। উল্লেখ্য, শাহানাজ আখতার রানু গত ১২ আগস্ট কুনমিংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।




