মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ২৬০ বস্তা সিমেন্টসহ আটক ২

চট্টগ্রামের পতেঙ্গা ও বাঁশখালী এলাকায় পৃথক অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ২৬০ বস্তা সিমেন্টসহ দুটি কার্গো ও ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড এ তথ্য নিশ্চিত করেছে।

কোস্ট গার্ডের তথ্যমতে, বৃহস্পতিবার সন্ধ্যায় পতেঙ্গার বহিঃনোঙর এলাকা থেকে ৭৫০ বস্তা সিমেন্টসহ একটি কার্গো বোট জব্দ করা হয় এবং দুই পাচারকারীকে আটক করা হয়। উদ্ধারকৃত এসব সিমেন্টের আনুমানিক মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা। অন্যদিকে, শুক্রবার ভোরে বাঁশখালীর বাংলা বাজার ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৮০ হাজার ৫০০ টাকা মূল্যের ৫১০ বস্তা সিমেন্টসহ একটি ফিশিং বোট জব্দ করা হয়। তবে এ সময় পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সিমেন্ট, দুটি বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Related Articles

Back to top button