মিরসরাইয়ে ১৪০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩


চট্টগ্রামের মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাই মদ ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার উপজেলার করেরহাট ইউনিয়নের হাবিলদার ব্রিজ সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১২ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার জয়চাঁদপুর এলাকার শফিক ও নাজমুল হোসেন এবং মধুয়ার এলাকার রাব্বি। তাদের সবার বয়স ১৮ বছর।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



