নতুন জীবাশ্ম জ্বালানি প্রকল্প বন্ধের দাবি


জীবাশ্ম জ্বালানির সব নতুন প্রকল্প ও অর্থায়ন বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তরের দাবি জানিয়েছে ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা)-সহ ৪২টি নাগরিক ও সামাজিক সংগঠন।
শুক্রবার গ্লোবাল উইক অব অ্যাকশনের অংশ হিসেবে এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন (ইউএনজিএ ৮১) ও কপ৩১-এর প্রাক্কালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশ ও অর্থনৈতিক সংকট কাটাতে নবায়নযোগ্য জ্বালানির বিস্তার জরুরি। চলমান কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধের সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণের পাশাপাশি ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন তাঁরা। এ সময় রামপালে জরুরি ভিত্তিতে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন এবং রেললাইন, নদীর পাড় ও বিভিন্ন ফাঁকা স্থানে সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের প্রস্তাব উঠে আসে।
পরিবেশ কর্মীরা আরও সতর্ক করেন যে জীবাশ্ম জ্বালানির কারণে উপকূলীয় এলাকার প্রাণ-প্রকৃতি ও ইলিশনির্ভর মানুষের জীবিকা চরম হুমকির মুখে পড়েছে। নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য প্রযুক্তি ও অর্থায়নের ব্যবস্থা ঋণ হিসেবে নয়, অনুদান হিসেবে নিশ্চিত করার দাবি জানানো হয়। সেই সঙ্গে বাস্তবায়নযোগ্য সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরির মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।




