আওয়ামী লীগ নেতাদের ফাঁসির রায়: সুপ্রিম কোর্টে সমর্থক আইনজীবীদের নীরব প্রতিবাদ


মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নীরব প্রতিবাদ জানিয়েছেন দলটির সমর্থক আইনজীবীরা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের অ্যাডভোকেট লাউঞ্জের সামনে তাঁরা জড়ো হন। প্রতিবাদ চলাকালে কোনো আনুষ্ঠানিক স্লোগান না দিলেও অংশ নেওয়া আইনজীবীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ উচ্চারণ করতে দেখা যায়।
এর আগে একই দিন দুপুর সোয়া ১২টায় জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।
বিচারক প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। ট্রাইব্যুনাল ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি আসামিদের মধ্যে পাঁচজনের ৫০ শতাংশ সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাঝে বণ্টনের নির্দেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য ছয়জন হলেন— আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। রায় ঘোষণার শুরুতে ট্রাইব্যুনাল চেয়ারম্যান মামলাসংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং আসামিরা উপস্থিত থাকলে পুরো রায় পাঠ করা হতো বলে উল্লেখ করেন।




