সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা নিশ্চিতের নির্দেশ সচিব সভায়


সরকারি অফিসে কর্মচারীদের উপস্থিতি ও জবাবদিহি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা চালুসহ অনিয়ম ও দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার গুরুত্বারোপ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত বর্তমান বিএনপি সরকারের প্রথম সচিব সভায় এই দিকনির্দেশনা দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে প্রায় দুই বছর পর এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশীয় অর্থনীতি ও জ্বালানি খাত সামলে নেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়। ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লে যেন দেশের ওপর চাপ না পড়ে, সে জন্য আমদানিনির্ভর জ্বালানির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আলোচনা হয়। বিশেষ করে সরকারি ভবন ও স্থাপনায় সৌর প্যানেল স্থাপন এবং সৌরবিদ্যুতের ব্যাপ্তি বাড়ানোর বিষয়ে সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে।
তাছাড়া সরকারি চাকরির শূন্য পদ পূরণ এবং সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্প যেমন—ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। উপকারভোগী নির্বাচন ও অর্থ ব্যয়ে যেন কোনো অনিয়ম না হয়, সে বিষয়ে স্ব-স্ব মন্ত্রণালয়ের সচিবদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।




