বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ


জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপ।
আজ সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আইপিইউ মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন সংস্থার প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়া এবং সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো-এ অ্যাংগোরো।
সাক্ষাৎকালে তারা জাতীয় সংসদকে কার্যকর করে তোলা এবং গুরুত্বপূর্ণ আলোচনা ও সংলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন। বিরোধীদলীয় নেতা সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে বিরোধী দলের ভূমিকা এবং সরকারি ও বিরোধী দলের সমতাভিত্তিক অংশগ্রহণের ওপর জোর দেন।
আলোচনায় সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা বৃদ্ধি, তরুণ সংসদ সদস্যদের অংশগ্রহণ বাড়ানো এবং গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে নিয়মিত সংলাপ অব্যাহত রাখার বিষয়ে কথা হয়। আইপিইউ মহাসচিব বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বৈঠকে বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিব মোমেন, বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এবং উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর। এছাড়া বৈঠকে বিশেষ অতিথি হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানের চার আহত যোদ্ধা—জসীমউদ্দিন খান, কামরুল হাসান, রিফাত হাওলাদার ও জাকির শিকদার অংশ নেন।




