চূড়ান্ত ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন: নির্বাচন কমিশন


আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এবার পুরুষ ও নারী ভোটারের ব্যবধান আগের চেয়ে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।
আজ সোমবার (৩১ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিতদের ভিত্তি ধরে এই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে।
ভোটার তালিকার বিস্তারিত পরিসংখ্যান:
-
মোট ভোটার: ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন
-
পুরুষ ভোটার: ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন
-
নারী ভোটার: ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন
-
তৃতীয় লিঙ্গের ভোটার: ১ হাজার ২৬৭ জন
-
নারী-পুরুষের ব্যবধান: ২২ লাখ ৪৫ হাজার ৫৫ ৪ জন
ইসি সচিবালয়ের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১৪ মে প্রকাশিত প্রাথমিক ভোটার তালিকার তুলনায় চূড়ান্ত তালিকায় নতুন করে ৪ লাখ ৫ হাজার ৪০৩ জন ভোটার যুক্ত হয়েছেন।
সংবাদ সম্মেলনে সচিব আখতার আহমেদ স্পষ্ট করেন যে, ৩১ জুলাইকে ‘কাট-অফ ডেট’ ধরে নির্বাচনের মূল প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। ফলে এই তারিখের পর যারা নতুন নিবন্ধিত হয়েছেন বা হবেন, তারা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন না। তবে কমিশন ভবিষ্যতে এই তারিখ পুনর্নির্ধারণ করলে পরবর্তীতে তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
নির্বাচনের সময়সূচি ও তফসিল প্রসঙ্গে সচিব জানান, প্রশাসনিক সব ধরনের প্রস্তুতি কমিশনের রয়েছে। তবে তফসিল বা ভোটগ্রহণের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হলে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। এছাড়া নির্বাচন কোন স্তরে (ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা নাকি সিটি করপোরেশন) আগে অনুষ্ঠিত হবে, তার ওপর ভিত্তি করেই চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হবে।




