এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির কর্মসূচি


চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে ‘বন্দর রক্ষা কমিটি, চট্টগ্রাম’। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে এক সভায় ঢাকার জাতীয় প্রেসক্লাবে মশাল মিছিল ও আলোচনা সভা এবং চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশসহ মোট তিনটি কর্মসূচি ঘোষণা করা হয়।
সংগঠনটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তারা জানান, বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে রাষ্ট্রীয় রাজস্ব হ্রাসের পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।
ঘোষিত কর্মসূচিসমূহ:
-
৩১ আগস্ট: ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মশাল মিছিল।
-
৪ সেপ্টেম্বর: জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘চট্টগ্রাম বন্দরের এনসিটি-সিসিটি ইজারা: বাংলাদেশের অর্থনীতি, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর হুমকি’ শীর্ষক আলোচনা সভা।
-
১৪ সেপ্টেম্বর: চট্টগ্রামের বারিক বিল্ডিং মোড় থেকে বন্দর অভিমুখে বিক্ষোভ সমাবেশ।
কমিটির নেতারা বন্দরের স্বার্থ রক্ষায় শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ নাগরিকসহ সব স্তরের মানুষকে এক হয়ে এ আন্দোলন বেগবান করার আহ্বান জানান।




