এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায়


দীর্ঘদিনের খরা কাটিয়ে সাগরে জেলেদের জালে অবশেষে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়তে শুরু করেছে। পটুয়াখালীর কলাপাড়ার আলীপুর মৎস্য বন্দরে ‘এফবি আবদুল্লাহ’ নামের একটি ট্রলারে একসঙ্গেই ধরা পড়েছে প্রায় ৮০ মণ ইলিশ, যা গতকাল বুধবার বিকেলে নিলামের মাধ্যমে ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে।
১৮ জন জেলে নিয়ে বাদশা মাঝির পরিচালনায় ট্রলারটি চার দিন আগে গভীর সাগরে পাড়ি জমায়। মঙ্গলবার পায়রা বন্দরের শেষ বয়ার কাছাকাছি এলাকায় জাল ফেলতেই ধরা পড়ে বিশাল এই ইলিশের ঝাঁক। পরে বুধবার মাছগুলো আলীপুর মৎস্য বন্দরের ‘সিফাত ফিশ’ আড়তে এনে বিক্রি করা হয়। দীর্ঘদিন পর বড় আকারের চালান আসায় মৎস্য বন্দর ও ব্যবসায়ীদের মাঝে আনন্দের আবহ তৈরি হয়েছে।
কলাপাড়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, আবহাওয়া ও বৃষ্টির ধারা অব্যাহত থাকলে সাগরে ইলিশের প্রাপ্তি সামনে আরও বাড়বে, যা উপকূলীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে নিতে সাহায্য করবে।




