৯ জনের মরদেহ দেশে এসেছে, বাকি ৭ জনকে শনাক্ত করার কাজ চলছে


সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জন বাংলাদেশির মধ্যে পরিচয় নিশ্চিত হওয়া ৯ জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাকি ৭ জনের মরদেহ ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৯ জন প্রবাসীর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মরদেহগুলো সরাসরি গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ফেরত আসা ৯ জনের মধ্যে ৭ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায় এবং বাকি দুজনের বাড়ি নাটোর ও রাজশাহীতে। গত ৯ আগস্ট রিয়াদের ওই সোফা কারখানায় তারা অগ্নিকাণ্ডের শিকার হন।
নিহতদের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকা এবং এককালীন ৩ লাখ টাকাসহ মোট ৩ লাখ ৩৫ হাজার টাকা দেওয়া হচ্ছে। এ ছাড়া নিজস্ব অ্যাম্বুলেন্সে মরদেহগুলো নিজ নিজ গ্রামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শেষে বাকি ৭ জনের মরদেহ দ্রুত দেশে আনার কাজ চলছে।




