ফোনকল বা বার্তায় আর্থিক সিদ্ধান্ত নয়, আগে যাচাইয়ের নির্দেশ


প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম, পদবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া ভিজিটিং কার্ড তৈরি এবং মোবাইল নম্বর ক্লোন বা স্পুফিংয়ের মাধ্যমে প্রতারণার অপচেষ্টা চালাচ্ছে একটি অসাধু চক্র।
সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকদের কাছ থেকে অর্থ বা অনৈতিক সুবিধা হাতানোর এসব চেষ্টার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধান এবং সকল মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, এ ধরনের কোনো ফোনকল, বার্তা, ভিজিটিং কার্ড বা পরিচয়ের ওপর ভিত্তি করে তাৎক্ষণিক কোনো আর্থিক বা প্রশাসনিক সিদ্ধান্ত না নিয়ে আগে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরিচয় ও তথ্য যাচাই করার অনুরোধ জানানো হচ্ছে। এছাড়া বিষয়টি অধিনস্থ দপ্তর ও সংস্থাকে অবহিত করে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ও খাম ব্যবহার করে জাল নথি তৈরির অনুসন্ধানে নেমে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রকে সনাক্ত করেছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। এরই মধ্যে মাদারীপুর ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রটির কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভুয়া সিল ও স্বাক্ষরযুক্ত লেটারহেড প্যাড। এ ঘটনায় রমনা থানায় মামলা দায়েরের পর আদালত আসামিদের রিমান্ড মঞ্জুর করেছেন।



