শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ, ফারাক্কা চুক্তিতে জোরালো আশ্বাস


ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন, বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু এবং ভারত-বাংলাদেশের ফারাক্কা চুক্তি নবায়নের ইতিবাচক অগ্রগতিসহ পানি সম্পদ খাতের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত ও পর্যালোচনা তুলে ধরা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংসদ ভবনে কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সদস্যদের পরিচিতি পর্ব শেষে পানি সম্পদ মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমের নানা দিক তুলে ধরা হয়।
বৈঠকে জানানো হয়, জাতীয় গুরুত্বপূর্ণ পদ্মা ব্যারেজ প্রকল্প ইতোমধ্যে একনেক সভায় অনুমোদিত হয়েছে। এছাড়া ভারত-বাংলাদেশের ফারাক্কা চুক্তি নবায়নের ব্যাপারে জোরালো আশ্বাস পাওয়া গেছে এবং আগামী বছর থেকে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হতে যাচ্ছে।
সভায় প্রেজেন্টেশনের মাধ্যমে জানানো হয়, বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৯৩টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে এসব প্রকল্পের জন্য মোট ৭,৮৩২.৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা এবং বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেওয়া হয় বৈঠকে।
কমিটির বৈঠকে পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ কমিটির অন্যান্য সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




