ক্যারিয়ারে তিন দশক পূর্ণ করেছেন গত বছর

বিনোদন ডেস্ক :ক্যারিয়ারে তিন দশক পূর্ণ করেছেন গত বছর। যদিও গত এক দশক অভিনয়ে অনিয়মিত শাবনূর। তবু ভক্তদের ভালোবাসা কমেনি এতটুকু। এই অভিনেত্রীর ঠোঁটে জনপ্রিয় হয়েছে বহু গান।

তেমনই ১০০ গান ইউটিউবে পেয়েছে কোটি ভিউয়ের তকমা।
এহতেশামের হাত ধরে ১৯৯৩ সালে চলচ্চিত্রে পা রাখেন শাবনূর। ‘চাঁদনি রাতে’ হিট না করলেও নজর কেড়েছিলেন তিনি। অকালপ্রয়াত অভিনেতা সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন ‘তোমাকে চাই’ অভিনেত্রী।

একসঙ্গে জুটি বেঁধে ১৪টি ছবিতে অভিনয় করেছিলেন সালমান-শাবনূর। সেসব ছবির বেশির ভাগ গানই জনপ্রিয়। পরে রিয়াজ, ফেরদৌস, মান্না, শাকিব খানসহ অনেকের সঙ্গেই জুটি বাঁধেন শাবনূর। তাঁদের সঙ্গেও শাবনূরের হিট ছবি রয়েছে, রয়েছে হিট গানও।
ইউটিউবের যুগে এসেও আবেদন কমেনি গানগুলোর। 

হিসাব করে দেখা গেছে, শাবনূরের ঠোঁটে ১০০টিরও বেশি গান ইউটিউবে পেয়েছে কোটির ওপরে ভিউ। ২০টি গানই রয়েছে পাঁচ কোটি ভিউয়ের ঘরে। এফ আই মানিকের ‘হৃদয়ের বন্ধন’ ছবির ‘বধূ বেশে কন্যা যখন এলোরে’ শাবনূর অভিনীত সর্বোচ্চ ভিউ পাওয়া গান—১৮ কোটি ৮৭ লাখের বেশি। মমতাজ ও রথীন্দ্রনাথ রায়ের গাওয়া গানটি ২০১৮ সালে অনুপম মুভিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।দ্বিতীয় স্থানে আছে ‘ফুল নেব না অশ্রু নেব’ ছবির ‘বিধি তুমি বলে দাও আমি কার’— ৯ কোটি ৬৫ লাখের বেশি ভিউ। এন্ড্রু কিশোর, কনকচাঁপা ও বিপ্লবের গাওয়া গানটিও অনুপম ইউটিউবে আপলোড করেছিল ২০১৮ সালে। গ্রাম বাংলার যাত্রা পালায় এখনো পারফরম করতে দেখা যায় এ গানটি। একই ছবির ‘দুধে আলতা বদন তোমার’ ও ‘আমার হৃদয় একটা আয়না’ গান দুটিও যথাক্রমে সাত কোটি ২২ লাখ ও ছয় কোটি ৯৭ লাখ ভিউ পেয়েছে। ‘ভুলনা আমায়’ ছবির ‘একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো’ গানটি অনুপমের চ্যানেলে ভিউ পেয়েছে সাত কোটি ৭৪ লাখের বেশি বার। একই গান এসবি নামের আরেকটি ইউটিউব চ্যানেলে ভিউ পেয়েছে ৪৫ লাখের বেশি। জি সিরিজের ইউটিউব চ্যানেলে গানটির ভিউ ৩৮ লাখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button