হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ নিহত ২, আহত ২০

হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।

বুধবার (৮ জুলাই) ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকার আকিজ ভেঞ্চার কোম্পানির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ইউনিক পরিবহনের চালক তাজুল ইসলাম (৫০) ঘটনাস্থলেই প্রাণ হারান। তার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী লাকি পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায় এবং লাকি পরিবহনের বাসটি দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন, বাহুবল ফায়ার সার্ভিস ও শায়স্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শায়স্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই মো. বিল্লাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “সংঘর্ষে ইউনিক পরিবহনের চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।”

Related Articles

Back to top button