এভিয়েশন ও পর্যটন সাংবাদিকতাকে আরও গতিশীল করতে ‘বাটজা’র মতবিনিময় সভা


এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকতাকে আরও গতিশীল এবং কার্যকর করার লক্ষ্যে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বাটজা)-এর উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সভায় সংগঠনের সদস্যরা অংশ নেন।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং এভিয়েশন ও পর্যটন খাতভিত্তিক বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত সদস্যরা।
বাটজার আহ্বায়ক আলীমুজ্জামান সাফওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ইমন চৌধুরী। সভায় বাটজার স্থায়ী সদস্য ও আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানের ক্যাপ্টেন আহমেদ ইমরান। তিনি এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে, এই খাতের টেকসই উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনা পর্ব শেষে সংগঠনের কার্যক্রম শক্তিশালী করা এবং দেশের পর্যটন ও এভিয়েশন খাতের উন্নয়নে পেশাদার সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সব সদস্য। সভার আনুষ্ঠানিকতা শেষে সদস্যদের অংশগ্রহণে একটি আন্তরিক মিলনমেলা ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




