সিগন্যাল দিতেই দৌড়ে পালালো চালক, প্রাইভেটকারের পেছনে মিলল ৫ বস্তা গাঁজা

রাজধানীর বাড্ডা থানা এলাকায় ট্রাফিক পুলিশের সিগন্যাল অমান্য করে গাড়ি রেখে চালক পালিয়ে যাওয়ার পর, একটি প্রাইভেটকার থেকে পাঁচ বস্তা ভর্তি ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (৮ জুলাই) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে কর্মরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট দেবু বড়ুয়া।

সার্জেন্ট দেবু বড়ুয়া জানান, আজ সকাল ১০টার দিকে বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে একটি নিশান মডেলের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ঘ-১১-৫৩১৭) বেপরোয়া গতিতে চালিয়ে যাচ্ছিল। গতিবিধি সন্দেহজনক মনে হলে সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ গাড়িটিকে থামার জন্য সিগন্যাল দেয়।

পুলিশের সিগন্যাল পেয়ে চালক গাড়িটি রাস্তার পাশে থামালেও, দরজা খুলে মুহূর্তের মধ্যে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। চালক আকস্মিকভাবে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে ট্রাফিক পুলিশ সদস্যরা পরিত্যক্ত অবস্থায় থাকা ওই প্রাইভেটকারটির পেছনে গিয়ে ব্যাগডালা (ডিকি) খোলেন। সেখানে তল্লাশি চালিয়ে সাদা রঙের পাঁচটি বড় বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ১০০ কেজি গাঁজা পাওয়া যায়।

উদ্ধারকৃত বিপুল পরিমাণ গাঁজা এবং জব্ধকৃত প্রাইভেটকারটি পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বাড্ডা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বাড্ডা থানা পুলিশ জানিয়েছে, গাড়ির নম্বর ও অন্যান্য সূত্রের ওপর ভিত্তি করে পলাতক চালককে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এই ঘটনায় বাড্ডা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related Articles

Back to top button