আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী গাড়িতে হামলা হয়েছে

নিজস্ব প্রতিবেদক :ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী গাড়িতে হামলা হয়েছে।
ভারতে মহানবী (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে অংশ নিতে যান তাহেরী। সেখানেই হামলার শিকার হন তিনি। তাহেরীকে হামলার সময় মাদরাসার ছাত্রদের মারধর করা হয় বলেও জানা গেছে।
গতকাল সোমবার বিকেলে জেলা শহরের টি.এ. রোড এলাকায় হামলার এ ঘটনাটি ঘটেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় জানিয়েছেন তাহেরী নিজেই।
সোমবার বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলা আহলে সুন্নত ওয়াল জামাতের একটি মানববন্ধনের আয়োজন করা হলেও নিরাপত্তাজনিত কারণে সংগঠনটির নেতারা এই কর্মসূচি বাতিল করেন
এদিকে তাহেরীকে শহরে প্রবেশের বিরোধিতা করে সম্মিলিত কওমি প্রজন্ম ব্রাহ্মণবাড়িয়া। এ সংগঠন প্রেস ক্লাবের সামনে পাল্টা অবস্থান কর্মসূচি দেয় বলে জানা যায়।
এদিন তাহেরী জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার জন্য গাড়িতে করে রওয়ানা হন। কাউতলী যাওয়ার পথে পথিমধ্যে টি.এ. রোড এলাকায় একদল মাদরাসার ছাত্র তার গাড়িতে হামলা করে। এর ফলে তাহেরীসহ গাড়িতে থাকা বেশ কয়েকজন সামান্য আহত হন।
হামলার পাশাপাশি মাদরাসার বিক্ষুদ্ধ ছাত্ররা গাড়ি থেকে তাহেরীকে বের করার চেষ্টা করে। কিন্তু তাহেরী ও তার লোকজন গাড়ি নিয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করেন।
তার ওপর হামলা প্রসঙ্গে তাহেরী বলেন, ‘আমরা মহানবী (স.) এর কটূক্তির প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেছিলাম। তবে মানববন্ধনটি বন্ধ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রশাসনের কাছে অনেকে হুমকি-ধামকি দিয়েছেন।’
এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘গিয়াস উদ্দিন আত তাহেরীর ওপর হামলা হয়েছে, এমন একটি ভিডিও বার্তা ফেসবুকে দেখেছি। তাছাড়া তিনি মুঠোফোনের মাধ্যমে হামলার বিষয়টি জানিয়েছেন। তবে, তার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি



