ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশের সংস্কারের এজেন্ডাগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এছাড়া অর্থনীতির বর্তমান প্রতীক‚লতাগুলো মোকাবিলায় বাংলাদেশ সংকুলানমূলক মুদ্রানীতি ও সরকারের মূল ব্যয় যৌক্তিকভাবে করাসহ বেশকিছু নীতিগত সামঞ্জস্য এনেছে– যা সমর্থন করছে আন্তর্জাতিক ঋণদাতাটি।
অন্তর্বর্তী সরকারের সা¤প্রতীক উন্নয়ন ও সংস্কারের অগ্রাধিকার বিষয়ে আলোচনার জন্য গত ২৪ সেপ্টেম্বর ঢাকা সফরে আসে আইএমএফের একটি প্রতিনিধি দল। ক্রিস পাপা জর্জিও’র নেতৃত্বে এই মিশন সোমবার (৩০ সেপ্টেম্বর) তাদের সফর শেষে দেওয়া এক বিবৃতিতে এই সমর্থনের কথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতীক সময়ের গণঅভ্যুত্থানে প্রাণহানি ও হতাহতের ঘটনায় আমরা গভীরভাবে শোকসন্তপ্ত। কঠিন এই সময়ে আমরা বাংলাদেশের জনগণের সাথে সহমর্মিতা প্রকাশ করছি। সময়মতো অন্তর্বর্তী সরকার গঠন দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল করতে সাহায্য করেছে, যার ফলে পর্যায়ক্রমে স্বাভাবিক অবস্থা ফেরে অর্থনীতিতে।
আইএমএফ আরো জানায়, দৃঢ় অংশীদার হিসেবে, বাংলাদেশ ও তার জনগণকে সহায়তা দিতে সম্পূর্ণরূপে প্রতিশ্রতিবদ্ধ। আইএমএফের ঋণ কর্মসূচির আওতায়, বাংলাদেশের সংস্কার এজেন্ডাগুলো এগিয়ে নিতে কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব-যেগুলোর লক্ষ্য হচ্ছে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃজন উৎসাহিত করা, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং শক্তিশালী, টেকসই ও ন্যায়সঙ্গত প্রবৃদ্ধিকে উৎসাহিত করা। আইএমএফ সমর্থিত কর্মসূচির অধীনে থাকা সংস্কারগুলো করতে বাংলাদেশের কর্তৃপক্ষ নতুনভাবে যে অঙ্গীকার করেছেন-আমরা তাকে স্বাগত জানাই। আইএমএফ-বিশ্বব্যাংকের আসন্ন বার্ষিক সভায় এই কর্মসূচির পর্যালোচনা নিয়ে কীভাবে এগুনো যায়- তা নিয়ে আলোচনা করা হবে।



