২০০ বছর পরও আবু সাঈদ-মুগ্ধদের মানুষ স্মরণ করবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আজ থেকে ২০০ বছর পরও আবু সাঈদ ও মুগ্ধদের মানুষ স্মরণ করবে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, ‘যারা জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তাদের তিতুমীরের মতো স্মরণ করবে মানুষ।’

শুক্রবার তুরস্ক থেকে দেশে ফিরে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এসব কথা বলেন তিনি। এসময় শেখ হাসিনাকে যারা উৎখাত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান মাহমুদুর রহমান।

তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। একটি মামলায় আওয়ামী লীগ সরকার আদালতকে দিয়ে ৭ বছর কারাদণ্ড দিয়েছে। আমার বয়স হয়ে গেছে। তবে জেল খাটার মতো মানসিক শক্তি আমার এখনো আছে। জেল থেকে মুক্ত হওয়ার পর আরও বড় পরিসরে সবাইকে নিয়ে লড়াই করব।’

বিদেশে বসে বিদেশি বন্ধুদের দিয়ে শেখ হাসিনা বিপ্লবকে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মাহমুদুর রহমান।

আওয়ামী সরকারের সময় মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে ১২৪টি মামলা হয়েছিল। ২০১০ সালের জুনে প্রথম দফায় ‘দৈনিক আমার দেশ’ বন্ধ ও সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করা হয়।

দ্বিতীয় দফায় ২০১৩ সালের ১১ এপ্রিল আবারও দ্বিতীয় দফায় ‘দৈনিক আমার দেশ’ বন্ধ করে মাহমুদুর রহমানকে ধরে নিয়ে যায় পুলিশ। এরপর দিনের পর দিন রিমান্ডে নিয়ে চালানো হয় নির্যাতন। পরে এক মামলায় মাহমুদুর রহমান এবং তার স্ত্রীকে ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button