স্কুলে এবারও ভর্তি লটারিতে

নিজস্ব প্রতিবেদক :এ বছরও লটারির মাধ্যমে সরকারি-বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী নির্বাচন ও ভর্তি প্রক্রিয়া বহাল থাকছে।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক অনুবিভাগ-১) খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে সরকারি-বেসরকারি বিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করে আসছে সরকার। তবে পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে শিক্ষার্থী ভর্তির দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকরা। সেই দাবি পর্যালোচনা করে ‘ভর্তি নীতিমালা সংশোধনের’ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সভাটি অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এবছরও লটারি পদ্ধতি বহাল রাখার সিদ্ধান্ত হয় সেখানে।
প্রতিবারই বছরের শেষ সময়ে এসে পরবর্তী বছরের ভর্তির প্রক্রিয়া চলে। ভর্তি শেষে জানুয়ারিতে ক্লাস শুরু হয়।
আগে কেবল প্রথম শ্রেণিতে ভর্তির কাজটি হতো লটারির মাধ্যমে।
কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলোতে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এরপর থেকে একই প্রক্রিয়ায় ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করা হচ্ছে।



