চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলছে ৬ অক্টোবর

নিউজ ডেস্ক : প্রায় তিন মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ২৯ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আসন বরাদ্দের প্রক্রিয়া শুরু হবে। আবাসিক হলের আসন বরাদ্দ দেওয়া শেষে ৬ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের ৫৫৪তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভার সিদ্ধান্তমতে, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে আবাসিক হলে বরাদ্দের জন্য শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করবেন। এই আবেদন চলবে ২ অক্টোবর পর্যন্ত। যাচাই বাছাই শেষে ৩ অক্টোবর ফলাফল প্রকাশ করা হবে। পরে ৫ অক্টোবর থেকে হল খুলবে। আর ৬ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হওয়ার সিদ্ধান্ত হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে গত বছর ১ জুলাই থেকে৷ ওইদিন থেকেই পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করছিলেন শিক্ষক ও কর্মকর্তারা। পরে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে ১৭ জুলাই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আন্দোলনের মধ্যেই শিক্ষার্থীদের হল ত্যাগ করতে নির্দেশনা দেওয়া হয়।
সরকার পতনের পর গত ৭ আগস্ট এক জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছিল সিন্ডিকেট। এ সভায় ১৮ আগস্ট আবাসিক হল খোলা ও ১৯ আগস্ট ক্লাস শুরু করার সিদ্ধান্ত হয়েছিল। তবে শিক্ষার্থীদের দাবির মুখে এই সিদ্ধান্ত নিতে স্থগিত করে কর্তৃপক্ষ। পরে দাবির মুখে দায়িত্ব ছাড়েন উপাচার্য অধ্যাপক মো. আবু তাহের, উপ-উপাচার্য বেনু কুমার দে ও মো. সেকান্দর চৌধুরীসহ ১৪টি হলের প্রাধ্যক্ষ ও ছাত্র ছাত্রী নির্দেশনা কেন্দ্রের পরিচালক।
এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের কাজকর্মও স্থবির হয়ে যায়। পরে ১৮ সেপ্টেম্বর রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারকে উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।



