এইচএসসি পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য বসার চেয়ার ও শেড রাখার নির্দেশ

চলমান এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকদের সুবিধার্থে অপেক্ষমাণ শেড ও বসার চেয়ার স্থাপনের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে কেন্দ্রের বাইরে শৃঙ্খলা বজায় রাখতে এবং জনসমাগম নিয়ন্ত্রণে প্রয়োজনীয়সংখ্যক রোভার স্কাউট, গার্লস গাইড অথবা বিএনসিসি সদস্য নিয়োগের নির্দেশনাও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক জরুরি নির্দেশনায় এই তথ্য জানানো হয়।

শিক্ষা বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের সময় দেখা গেছে, পরীক্ষার্থীদের অভিভাবকরা সন্তানদের কেন্দ্রে প্রবেশ করিয়ে দেওয়ার পর দীর্ঘ সময় কেন্দ্রের বাইরে অপেক্ষা করেন। কিন্তু অধিকাংশ কেন্দ্রেই তাদের জন্য কোনো নির্ধারিত অপেক্ষমাণ শেড বা বসার ব্যবস্থা থাকে না। ফলে রোদ, বৃষ্টি কিংবা যেকোনো প্রতিকূল আবহাওয়ার মধ্যে অভিভাবকদের অত্যন্ত কষ্টকর পরিবেশে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়।

এতে আরও বলা হয়, কেন্দ্রের বাইরে অভিভাবকদের অবস্থান ও চলাচল সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণের জন্য অনেক কেন্দ্রে রোভার স্কাউট, গার্লস গাইড বা বিএনসিসি সদস্য নিয়োজিত থাকে না। এর ফলে অনাকাঙ্ক্ষিত ভিড়, বিশৃঙ্খলা এবং জনসাধারণের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে।

“পরীক্ষার্থীদের অভিভাবকদের সার্বিক সুবিধা ও কল্যাণের কথা বিবেচনা করে পরীক্ষাকেন্দ্রের বাইরে নিরাপদ ও উপযুক্ত স্থানে অপেক্ষমাণ শেডসহ বসার জন্য চেয়ার স্থাপন এবং কেন্দ্রের বাইরের শৃঙ্খলা ও জনসমাগম নিয়ন্ত্রণে প্রয়োজনীয়সংখ্যক রোভার স্কাউট, গার্লস গাইড অথবা বিএনসিসি সদস্য নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।”

এই নির্দেশনা ইতিমধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব এইচএসসি পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

একই সঙ্গে বিষয়টি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা বোর্ডের আওতাধীন সব জেলার জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও অনুলিপি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Related Articles

Back to top button