ফিলিস্তিনের রাষ্ট্রদূতের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে ইসলামী আন্দোলনের নেতারা

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ড. ইউসুফ রমাদানের সৌজন্য আমন্ত্রণে তাঁর সরকারি বাসভবনে এক মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (২ জুলাই) এই মধ্যাহ্নভোজ ও সৌজন্য সাক্ষাৎকালে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি বাংলাদেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসা, সংহতি ও অব্যাহত সমর্থনের বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়। পাশাপাশি বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক সংকট এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে আন্তরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ড. ইউসুফ রমাদান ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দলের আমিরের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বিশেষভাবে জুলাই গণ-অভ্যুত্থানে দলটির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। রাষ্ট্রদূত আশা প্রকাশ করে বলেন:

“ইসলামের আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভবিষ্যতেও দেশ ও জনগণের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালন করবে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই সৌজন্য সাক্ষাতে অংশ নেওয়া প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন:

  • মাওলানা শেখ ফজলে বারী মাসউদ (যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ)

  • আলহাজ্ব গোলাম মসীহ (দলের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত)

  • সহকারী অধ্যাপক ইমতিয়াজ আহমেদ স্বজল (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ইসলামী যুব আন্দোলন)

  • মো. রাজন সিকদার (সদস্য সচিব, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি)

  • সাইফ মোহাম্মদ আলাউদ্দিন (সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ)

  • ড. আবু হুরায়রা (সাবেক সাধারণ সম্পাদক, মালয়েশিয়া শাখা)

সাক্ষাৎ শেষে প্রতিনিধিদলের পক্ষ থেকে ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করা হয় এবং একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার তীব্র প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Related Articles

Back to top button