ময়মনসিংহের সাবেক  প্যানেল মেয়র ডন গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক :হত্যা মামলায় ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক ১ নম্বর প্যানেল মেয়র ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসিফ হোসেন ডনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ও সেনাবাহিনী। আজ শনিবার ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা হয়েছে। বিকেলে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরার আজমপুর এলাকায় কিছু শিক্ষার্থী ময়মনসিংহ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসিফ হোসেন ডনকে আটক করে রেখেছে, এমন খবর পেয়ে সেনাবাহিনী ও থানা-পুলিশের একটি টিম কাউন্সিলর ডনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে খোঁজখবর নিয়ে জানা যায়, তাঁর বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালি থানায় হত্যা মামলার আসামি।’
ওসি হাফিজ বলেন, ‘গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ময়মনসিংহের কোতোয়ালি এলাকায় নিহত হন রেদোয়ান আহমেদ সাগর। সাগর হত্যার ঘটনায় করা মামলার আসামি সাবেক কাউন্সিলর ডন।’
তিনি বলেন, ‘ডনকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। ডিবি পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শহিদুল ইসলাম বলেন, ‘সাবেক কাউন্সিলর আসিফ হোসেন ডন গ্রেপ্তারের বিষয়ে পরবর্তীকালে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।’
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ৫ আগস্ট থেকেই আসিফ হোসেন ডন পলাতক ছিলেন। ডন ময়মনসিংহ সিটির ৭ নম্বর ওয়ার্ড থেকে দুবার কাউন্সিলর এবং সিটি করপোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র নির্বাচিত হয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button