আমিন জুট মিল চালু করে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

বন্ধ হয়ে যাওয়া ঐতিহাসিক আমিন জুট মিলসকে পুনরায় উৎপাদনে ফিরিয়ে এনে কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতিকে গতিশীল করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) চট্টগ্রামের আমিন জুট মিলস লিমিটেড পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী জানান, বন্ধ হয়ে যাওয়া সব পাটকল, বস্ত্রকল ও টেক্সটাইল মিলগুলো চালু করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। এসব কারখানাকে সচল করার মাধ্যমে বেকারত্ব হ্রাস ও শিল্প খাতে নতুন গতি সঞ্চার সম্ভব হবে।

আমিন জুট মিলসের সার্বিক সম্ভাবনা তুলে ধরে শরীফুল আলম বলেন, মিলটির বর্তমান অবস্থা, উৎপাদন সক্ষমতা ও কর্মসংস্থানের সুযোগ পর্যালোচনা করে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা হবে। শিল্পকারখানাগুলোকে শুধুমাত্র অবকাঠামোগত স্থাপনা হিসেবে না দেখে উৎপাদন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কার্যকর কেন্দ্রে পরিণত করার আহ্বান জানান তিনি।

পাটশিল্পকে বাংলাদেশের ঐতিহ্যবাহী অর্থকরী সম্পদ উল্লেখ করে তিনি আরও বলেন, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাটজাত পণ্যের বিপুল সম্ভাবনা রয়েছে। বন্ধ কল-কারখানাগুলো পুনরায় চালু হলে কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ উপকৃত হবেন এবং দেশের রপ্তানি আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

পরিদর্শনকালে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আমিন জুট মিলসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button