রেল কর্মকর্তার বিরুদ্ধে তথ্য গোপন করে চাকরিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামে এক রেল কর্মকর্তার বিরুদ্ধে তথ্য গোপন করে চাকরিতে যোগদান এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘ ১৩ বছর যাবৎ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করার অভিযোগ পাওয়া গেছে। জিনিয়া নাসরিন নামে ঐ কর্মকর্তা বর্তমানে পূর্বাঞ্চলীয় রেলের সদর দপ্তরে আইন শাখায় আদালত পরিদর্শক (সিটিআই গ্রেড-১) পদে কর্মরত। অভিযোগ পাওয়া গেছে, জিনিয়ার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলা বর্তমানে চট্টগ্রাম বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া তিনি রেলের চাকরির পাশাপাশি সক্রিয়ভাবে আইন পেশায় জড়িত, যা এই সংস্থার চাকরি নীতিমালার পরিপন্থি।
জিনিয়ার বিরুদ্ধে অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে জানিয়ে পূর্বাঞ্চলীয় রেলের মহাব্যবস্থাপক নাজমুল আলম ইত্তেফাককে বলেন, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে জিনিয়া নাসরিন দাবি করেছেন, তার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। ইত্তেফাককে তিনি বলেন, তদন্তাধীন বিষয় নিয়ে সংবাদমাধ্যমে কিছু বলতে চাই না। আমার যা বলার তদন্ত কমিটির সামনে বলব।
জানা গেছে, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা শেখ লোকমান হোসেনের মেয়ে জিনিয়া নাসরিন ২০১১ সালের ১২ সেপ্টেম্বর রেলের চাকরিতে যোগ দেন। তিনি চট্টগ্রাম জেলা বারের সদস্যপদ গ্রহণ করেন তার আগের বছর, অর্থাৎ ২০১০ সালের ১৫ ডিসেম্বর। ২০২৩ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সনদ নবায়ন ফি ও বার্ষিক চাঁদা পরিশোধ করেছেন। দ্বৈত পেশায় জড়িত অভিযুক্ত হওয়ার পর এ বছর ৭ মার্চ তিনি তার অন্তর্ভুক্তি (এনরোলমেন্ট) সনদ স্থগিত করার জন্য বাংলাদেশ বার কাউন্সিলের কাছে আবেদন করেন যা এখনো প্রক্রিয়াধীন। বিস্তারিত আসছে।



