জয়পুরহাটে মোটরসাইকেলের স্ট্যান্ড নামানো অবস্থায় দুর্ঘটনায় যুবকের মৃত্যু


জয়পুরহাটের ক্ষেতলালে মোটরসাইকেলের সাইড স্ট্যান্ড নামানো অবস্থায় চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে জিহাদ হাসান জয় (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বটতলী-নিশ্চিন্তা সড়কের রানুর চাতাল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ হাসান জয় ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের শিশি গ্রামের জাইদুল ইসলামের ছেলে। তিনি এইচএসসি পাস করে অনার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে নিশ্চিন্তার দিকে যাচ্ছিলেন জয়। মোটরসাইকেলটির সাইড স্ট্যান্ড নামানো অবস্থায় তিনি চালাচ্ছিলেন। পথিমধ্যে রানুর চাতাল এলাকায় পৌঁছালে বাইকটির নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলের স্ট্যান্ড নামানো থাকা অবস্থায় দ্রুত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েই এই দুর্ঘটনা ঘটেছে।




