রসিকের উন্নয়নকাজের আপডেট ২ মাস পর পর জনগণকে দেয়া হবে: প্রশাসক ডন

রংপুর সিটি করপোরেশনের (রসিক) অবকাঠামো উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনে ১ হাজার ৮১৩ কোটি টাকার দুটি বৃহৎ প্রকল্প অনুমোদন পেলেও অর্থ ছাড় পেতে আরও তিন থেকে চার মাস সময় লাগবে। অর্থ প্রাপ্তির পর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে এবং প্রতি দুই মাস পর পর নগরবাসীকে সেই উন্নয়নকাজের অগ্রগতি জানানো হবে বলে ঘোষণা দিয়েছেন রসিকের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন।

সোমবার সন্ধ্যায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন চত্বরে ‘রংপুর নগরবাসী’ আয়োজিত এক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

প্রশাসক ডন উল্লেখ করেন, প্রকল্প অনুমোদিত হলেও অর্থ পেতে ৩-৪ মাস সময় লাগবে। ফলে এখনই কাজ শুরু করার সুযোগ নেই। তবে অর্থ ছাড় হলেই দ্রুত গতিতে প্রকল্প বাস্তবায়ন শুরু করা হবে। নগর উন্নয়নে রাজস্বের ভূমিকা উল্লেখ করে তিনি নিয়মিত কর প্রদানের আহ্বান জানান। তিনি জানান, বিগত ৫ বছরে সিটি করপোরেশনের বার্ষিক গড় আয় ছিল মাত্র ৫৫ থেকে ৬০ কোটি টাকা, যা দিয়ে নাগরিক প্রত্যাশা পূরণ কঠিন। তাই নিজস্ব আয় বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

রংপুর নগরীর উন্নয়ন বরাদ্দের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও জানান, পরিকল্পিত কাজের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও সুন্দর বসবাসযোগ্য শহর গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।

রংপুর মহানগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানগর বিএনপির জ্যেষ্ঠ সদস্য কাওছার জামান বাবলাসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

Related Articles

Back to top button