আলোচনার মাধ্যমে বিশ্বে শান্তি ফেরানোর আহ্বান শফিকুর রহমানের


সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে সংঘাত নয়, বরং আলোচনার মাধ্যমে বিশ্বব্যাপী শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তুরস্কে সরকারি সফর শেষে রোববার (১১ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া জানান।
জামায়াত আমির বলেন, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর একটি অতি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কেন্দ্র এবং সৌদি আরব সমগ্র মুসলিম উম্মাহর পবিত্র ভূমি। সেখানে যে কোনো ধরনের হামলা অত্যন্ত অশুভ কাজ এবং যুদ্ধ বা সহিংসতা কখনোই স্থায়ী সমাধান আনতে পারে না। এই হামলার কারণে বৈশ্বিক বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটার পাশাপাশি লাখ লাখ যাত্রী ক্ষতিগ্রস্ত হচ্ছেন উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে হামলা-পাল্টা হামলা বন্ধের আকুল আহ্বান জানান। রক্তপাত ও অশান্তি এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইতিবাচক ভূমিকা পালন এবং আলোচনার টেবিলে বসার জোরালো দাবি জানান তিনি।
পাশাপাশি তাঁর সাম্প্রতিক তুরস্ক সফর প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, তুরস্ক বাংলাদেশের একটি সময় পরীক্ষিত ও নিখাত বন্ধুপ্রতিম দেশ। আন্তর্জাতিক কনফারেন্সের পাশাপাশি তুর্কি পার্লামেন্টের স্পিকার, সংসদ সদস্য ও উচ্চপদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে তাঁর বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। এসব বৈঠকে শিক্ষা বিনিময়, যুবকদের দক্ষতা উন্নয়ন, অর্থনৈতিক বিনিয়োগ, প্রতিরক্ষা শিল্পের সম্প্রসারণ এবং ঐতিহাসিক ‘মক্কা প্যাক্ট’ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।




