আচারের পাত্রে ২.৭ কোটি টাকার ডায়মন্ড ও অলংকার উদ্ধার

ভারতের কলকাতা থেকে আচারের বয়ামে লুকিয়ে আনা ডায়মন্ড, স্বর্ণ, প্ল্যাটিনাম, রুবি ও বিভিন্ন মূলবান পাথর ও অলংকার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। বিজি-৩৯৬ ফ্লাইটের যাত্রী এমডি জনি রহমানের ব্যাগ স্ক্যানিংয়ের মাধ্যমে উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।

গত রবিবার (১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কাস্টমস হাউস।

কাস্টমস জানায়, গোপন তথ্যের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়। যাত্রী জনি রহমান ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ ঘোষণা ছাড়া গ্রিন চ্যানেল অতিক্রমের চেষ্টা করলে তাকে থামানো হয়। স্ক্যানিংয়ের পর ব্যাগে থাকা আচারের বয়ামের ভেতরে ধাতব পদার্থ ও মূল্যবান পাথরের সন্ধান পাওয়া যায়।

জব্দকৃত সামগ্রীর মধ্যে ৩৮৯টি ডায়মন্ড খচিত স্বর্ণের আংটি, ১৫১টি প্ল্যাটিনামের আংটি, ৪৭২টি স্বর্ণের নাকফুল, ৪৫ ক্যারেটের ডায়মন্ড পাথর, রুবি, পোখরাজসহ মোট ১ হাজার ৫৪ গ্রাম ওজনের অলংকার রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Back to top button