রিয়াদ বিমানবন্দরে হামলায় ধর্মমন্ত্রীর তীব্র ক্ষোভ ও নিন্দা


সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বর্বরোচিত হামলায় বাংলাদেশি নাগরিকসহ প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক, উদ্বেগ এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
গত রবিবার (১১ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রী এ হামলায় ভুক্তভোগী ওমরাহ কাফেলার জিম্মাদার মোহাম্মদ আলী কাশেমীর সঙ্গে কথা বলে আহত বাংলাদেশিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি তাদের চিকিৎসা, সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ধর্মমন্ত্রী বলেন, সৌদি আরব সমগ্র মুসলিম বিশ্বের কাছে একটি পবিত্র স্থান। এর নিরাপত্তা ও স্থিতিশীলতা সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র ভূমিতে আগত ওমরাহযাত্রী ও নিরীহ মানুষের জীবন বিপন্ন করে এমন কোনো সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মন্ত্রী আরও উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলো সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও ওমরাহযাত্রীদের নিরাপত্তা, চিকিৎসা, আবাসন এবং নিরাপদে দেশে ফেরা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক সহযোগিতা ও নিবিড় যোগাযোগ অব্যাহত রেখেছে। উদ্ভূত পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় সৌদি সরকারকেও আন্তরিক ধন্যবাদ জানান ধর্মমন্ত্রী।




