সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে ডিএসসিসির বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান


প্রতি শনিবার নির্ধারিত ‘ক্লিনিং ডে’ উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
এই কার্যক্রমে নাগরিকদের সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, সপ্তাহের অন্তত একদিন নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা হলে এবং ওয়ার্ডভিত্তিক নিয়মিত অভিযান চালালে ঢাকা শহর আর অপরিচ্ছন্ন থাকবে না।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযانের অংশ হিসেবে আয়োজিত শিক্ষক ও অভিভাবক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী নিয়মিত কার্যক্রমের পাশাপাশি এখন থেকে প্রতি শনিবার এই বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। ঘোষিত তিন মাসের এই কর্মসূচি নিরলস ও সমন্বিতভাবে বাস্তবায়িত হলে নগরীর রাস্তাঘাট ও বাড়ির আঙিনা পরিষ্কার থাকবে এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগবালাইয়ের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
তিনি আরও বলেন, সিটি করপোরেশনের কর্মীরা নিয়মিত পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করবেন, তবে এই কর্মসূচিকে পুরোপুরি সফল করতে হলে সাধারণ জনগণকেও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। এ জন্য স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড এবং সামাজিক সংগঠনগুলোকে এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসক বলেন, বর্তমানে প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পর বিভিন্ন স্থানে পানি জমে থাকার প্রবণতা দেখা যায়। কোনো অবস্থাতেই তিন দিনের বেশি কোথাও পানি জমতে দেওয়া যাবে না। নিজ উদ্যোগে জমে থাকা পানি অপসারণ করা সম্ভব না হলে তা সিটি করপোরেশনকে অবহিত করার আহ্বান জানান তিনি, যাতে করপোরেশনের পক্ষ থেকে দ্রুত তা অপসারণ করা যায়।
পরিচ্ছন্নতা রক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে তিনি সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, গণমাধ্যমে এসব কর্মসূচি নিয়মিত প্রচারিত হওয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যে সচেতনতা তৈরি হয়েছে এবং জনগণের পূর্ণাঙ্গ সচেতনতা অর্জিত হলেই এই কর্মসূচি শতভাগ সফল হবে।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।




