বিপিকেএসের লটারিতে ৩০ লাখ টাকা জিতলেন ময়মনসিংহের হানিফ

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) লটারি-২০২৬-এর প্রথম পুরস্কার হিসেবে ৩০ লাখ টাকা জিতেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামের বাসিন্দা হানিফ মিয়া। প্রাপ্ত পুরস্কারের অর্থ দিয়ে একটি বড় খামার গড়ে তোলার পাশাপাশি এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে চান তিনি।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বিপিকেএস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএন ডিজঅ্যাবিলিটি রাইটস চ্যাম্পিয়ন এবং বিপিকেএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আব্দুস সাত্তার দুলাল। সভাপতিত্ব করেন বিপিকেএস জাতীয় লটারি প্রকল্পের প্রকল্প পরিচালক হাজী মো. আলম কবির।

প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুস সাত্তার দুলাল জানান, দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং তিনি বিপিকেএসের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অর্থ মন্ত্রণালয়ের নির্ধারিত নিয়ম অনুযায়ী মোট পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ উৎসে কর কর্তন করে বাকি অর্থ চেকের মাধ্যমে বিজয়ীদের প্রদান করা হয়।

প্রথম পুরস্কার বিজয়ী হানিফ মিয়া নিজেকে একজন বেকার যুবক হিসেবে উল্লেখ করে জানান, তিনি এতদিন ছোট একটি খামার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এই লটারির অর্থ দিয়ে খামারটিকে বড় আকারে প্রতিষ্ঠা করতে চান, যার মাধ্যমে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং তিনি সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে পারবেন।

উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মো. হুমায়ুন কবির, রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আরডিএফ) প্রতিষ্ঠাতা ও নির্বাহী কর্মকর্তা এম গোলাম মোস্তফা, ইমিনেন্ট জার্নালিস্ট অ্যান্ড গ্রিন ওয়াচের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার এবং সম্মিলিত সাংবাদিক পরিষদের সভাপতি গোলাম ফারুক মজনুসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Related Articles

Back to top button