রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্রুত বিদ্যুৎ সরবরাহের আশ্বাস রোসাটমের


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রোসাটম)। একই সঙ্গে আগামী বছর প্রকল্পটির দ্বিতীয় ইউনিটের কমিশনিং ও প্রাথমিক চালুর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (৯ অক্টোবর) রাশিয়ার রাজধানী মস্কোয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ জানান, প্রথম ইউনিটের ভিভিইআর-১২০০ (VVER-1200) চুল্লি থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে তারা কাজ করছেন। বাংলাদেশের বিদ্যুৎ নিরাপত্তা এবং পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহে এই প্রকল্প যুগান্তকারী ভূমিকা রাখবে। এছাড়াও আগামী বছর থেকে রূপপুরের দ্বিতীয় ইউনিটের আনুষ্ঠানিক চালুর প্রক্রিয়া শুরু হবে বলে তিনি আশ্বাস দেন।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম প্রকল্পের সার্বিক সম্ভাবনা তুলে ধরে বলেন, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। এই মেগাপ্রকল্পটি পুরোপুরি চালু হলে দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১ শতাংশ মেটানো সম্ভব হবে।
বৈঠকে রূপপুর প্রকল্পের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে বাংলাদেশে পারমাণবিক শক্তি খাতের আরও সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করার বিষয়ে উভয় পক্ষ একমত প্রকাশ করে।




