শিশুদের সহায়তায় অনুদান সহজ করতে ইউনিসেফ ও বিকাশের চুক্তি

বাংলাদেশের শিশুদের সার্বিক কল্যাণ ও সহায়তা কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ আরও সহজ করতে মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেছে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ।

বৃহস্পতিবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এই চুক্তির ফলে বিকাশের কোটি কোটি গ্রাহক এখন খুব সহজেই বিকাশ অ্যাপের ‘ডোনেশন’ অপশন থেকে ‘ইউনিসেফ’ নির্বাচন করে সরাসরি অনুদান পাঠাতে পারবেন। অ্যাপের পাশাপাশি দেশজুড়ে ছড়িয়ে থাকা বিকাশের বিস্তৃত অফলাইন মার্চেন্ট নেটওয়ার্ক ব্যবহার করেও তহবিল পাঠানো যাবে। এই উদ্যোগে বিকাশ অ্যাপের ডোনেশন সেকশনে ইউনিসেফকে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ভবিষ্যতে শিশু অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও তহবিল সংগ্রহের পরিসর আরও বাড়াবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিসেফের প্রাইভেট ফান্ডরাইজিং অ্যান্ড পার্টনারশিপের গ্লোবাল ডিরেক্টর কারলা হাদ্দাদ মারদিনি এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীর।

অনুষ্ঠানে ইউনিসেফ প্রতিনিধি কারলা হাদ্দাদ মারদিনি বলেন, বিকাশের মতো নির্ভরযোগ্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি যুক্ত হয়ে শিশুদের বেঁচে থাকা, মানসম্মত শিক্ষা ও বিকাশ নিশ্চিত করা সহজ হবে। অন্যদিকে বিকাশের সিইও কামাল কাদীর জানান, সামাজিক অগ্রগতি নিশ্চিত করাই বিকাশের মূল লক্ষ্য এবং ইউনিসেফের সঙ্গে এই প্ল্যাটফর্ম যুক্ত হওয়ায় শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টা আরও দ্রুত গতি পাবে।

Related Articles

Back to top button