সংস্কৃতির প্রতিটি শাখায় প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী


সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে ঝিমুনি ভাব কাটিয়ে সংস্কৃতির প্রতিটি শাখায় প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রাজবাড়ীর গোদার বাজার ঘাটসংলগ্ন পদ্মা নদীতে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দীর্ঘ প্রায় ২০ বছর রাজবাড়ীর পদ্মা নদীতে কোনো নৌকা বাইচ অনুষ্ঠিত হয়নি। ফলে দীর্ঘ সময় স্থানীয় মানুষ সাংস্কৃতিক বিনোদন থেকে বঞ্চিত ছিলেন। রাজবাড়ীর পদ্মার এই আয়োজনের মধ্য দিয়ে দেশে সাংস্কৃতিক জাগরণের নতুন সূচনা হলো। আগামী শীত মৌসুমে বড় পরিসরে সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি ঘুড়ি উৎসব, ঘোড়দৌড়সহ আবহমান বাংলার হারিয়ে যাওয়া লোকজ আয়োজনগুলো ফের চালু করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
নৌকা বাইচ ও গ্রামীণ সংস্কৃতি উদযাপন পরিষদের সভাপতি নঈম আনছারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মীর মনির হোসেন, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া এবং সিভিল সার্জন ডা. এস এম মাসুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদযাপন পরিষদের সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল।
আয়োজকরা জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার উদ্বোধনী দিনে মূল প্রতিযোগিতা শুরু করা না গেলেও শুক্রবার সকাল ১০টা থেকে মূল লড়াই শুরু হওয়ার কথা রয়েছে। আগামী শনিবার অনুষ্ঠানের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।




