নাগরিকের অধিকার বুঝতে না পেরেই জামায়াত জন্মের পর এই প্রথম বিরোধী দল হয়েছে: সড়কমন্ত্রী

কোনটা নাগরিকের অধিকার, কোনটা রক্ষার বিষয় এবং কোনটা জনগণের মূল দাবি—তা অনুধাবনে ব্যর্থ হওয়ার কারণেই বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দীর্ঘ রাজনৈতিক যাত্রার পর এই প্রথম প্রধান বিরোধী দলের আসনে আসতে পেরেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, “সরকার তো পরের কথা, জামায়াতে ইসলামীর প্রথম বিরোধী দল হওয়ার সুযোগ হয়েছে ৮৫ বয়সে। কারণ, তারা কখনই বুঝতে চাননি মানুষ ঠিক কী চায়।”

মঙ্গলবার (৬ অক্টোবর) ধানমন্ডির ৩/এ এলাকায় একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে শেখ রবিউল আলম বলেন, দলটি স্বাধীনতার সময় থেকে শুরু করে পরবর্তী বিভিন্ন রাজনৈতিক পটপরিবর্তনে—যেমন স্বৈরাচার এরশাদের আমল কিংবা ওয়ান-ইলেভেনের সরকার—সঠিক রাজনৈতিক মূল্যায়ন করতে পারেনি। এমনকি ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর কিছু উপলব্ধি করতে পারলেও তারা আবারও খেই হারিয়ে ফেলেছে, যা তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব ও বদান্যতারই বহিঃপ্রকাশ।

ঢাকায় ব্যাটারিচালিত অটো রিকশার ব্যাপক প্রসার প্রসঙ্গে সড়কমন্ত্রী জানান, এসব যানবাহনের জন্য একটি নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এই নীতিমালার আলোকেই প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এগুলোর চলাচল নিষিদ্ধ বা অননুমোদিত ঘোষণা করা হবে।

নতুন নিয়মের কারণে সম্প্রতি এই পেশায় যুক্ত হওয়া চালকদের সাময়িক কষ্ট হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, “বৃহত্তর স্বার্থে আমাদের সবাইকে একমত হয়ে এই অব্যবস্থাপনার উত্তরণ ঘটাতে হবে। কাউকে ক্ষতিগ্রস্ত করে নয়, তবে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে ঢাকা সিটিকে কোনোভাবেই অকার্যকর হতে দেওয়া হবে না।”

Related Articles

Back to top button