এয়ারবাস কেনায় বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও গভীর হবে: মাইকেল মিলার

বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এয়ারবাস কেনার সিদ্ধান্ত বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও গভীর করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার।

বুধবার (৭ অক্টোবর) রাতে রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বক্তব্য দানকালে রাষ্ট্রদূত এ কথা বলেন।

মাইকেল মিলার বলেন, এয়ারবাস বেছে নেওয়ার এই ঐতিহাসিক সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনৈতিক আধুনিকায়ন, নিরাপত্তা, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা অর্জন এবং অর্থের যথাযথ ব্যবহারের অনন্য প্রতিফলন। এ চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ও ইউরোপের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের সূচনা করল।

বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে ইইউ রাষ্ট্রদূতের বক্তব্য:

  • আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা এবং ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০টি অর্থনীতির একটিতে রূপান্তরের লক্ষ্যকে ইইউ সমর্থন জানায়।

  • এই বিশাল লক্ষ্য অর্জনে দেশটির এভিয়েশন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।

  • বাংলাদেশের এলডিসি (স্বল্পোন্নত দেশ) গ্র্যাজুয়েশন এবং বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে অনুসন্ধানমূলক আলোচনার অগ্রগতির বিষয়টিকে গুরুত্ব প্রদান করা হয়।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এয়ারবাস ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমায়ারসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button