রোহিঙ্গা সংকটে কেবল বক্তব্যে কাজ হবে না, কার্যকর পদক্ষেপ প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের মৌখিক সমর্থনের দিন শেষ উল্লেখ করে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশ আর অনির্দিষ্টকাল এই বিশাল সংকটের ভার বহন করতে পারে না।
বুধবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রোহিঙ্গা বিষয়ক এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ সুগম করা এবং কক্সবাজারের ক্যাম্পগুলোতে দিন দিন বাড়তে থাকা নিরাপত্তা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে। রোহিঙ্গারা দয়া নয়, বরং তাদের নাগরিক অধিকার চান বলে মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গারা মিয়ানমারকে তাদের মাতৃভূমি হিসেবে অস্বীকার করছেন না; বরং তারা প্রত্যাখ্যান করেছেন সেই ভয়াবহ পরিস্থিতিকে, যা তাদের বাস্তুচ্যুত হতে বাধ্য করেছে।
একটি টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে হলে তাদের আইনি স্বীকৃতি ও পরিচয়, ভূমি ও সম্পত্তির অধিকার, নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্য আস্থার পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। রোহিঙ্গা সংকটের মূল সমাধান মিয়ানমারেই নিহিত রয়েছে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।




