টিসিবি কার্ডে প্রকৃত সুবিধাভোগী নিশ্চিত করার সুপারিশ বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির


নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেট ও মূল্যবৃদ্ধি রোধের পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রমে ডিলার নিয়োগে পূর্ণ স্বচ্ছতা আনার কড়া সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে টিসিবি কার্ডসহ সরকারের বিভিন্ন সেবামূলক সুবিধা যেন কোনো প্রকৃত ও অসচ্ছল ব্যক্তি বঞ্চিত না হয়ে সঠিক প্রাপকদের হাতে পৌঁছায়, সে লক্ষ্যে একটি সমন্বিত প্রক্রিয়া অবলম্বনেরও পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সংসদ ভবনে কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুবের সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর, মো. বরকত উল্লাহ বুলু, হেলেন জেরিন খান, মোহাম্মদ কামাল হোসেন, গাজী এনামুল হক এবং আব্দুল মুনতাকিম অংশগ্রহণ করেন। এছাড়া বাণিজ্য সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের জনবল, কার্যাবলী, উল্লেখযোগ্য অর্জন এবং আমদানি-রপ্তানি ও পরিচালনা ব্যয়ের প্রতিবেদন পেশ করা হয়। গত তিন বছরের নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি মূল্য এবং স্থানীয় খুচরা বাজার মূল্যের ব্যবধানের ওপর বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং অর্থ মন্ত্রণালয়ের একটি যৌথ প্রতিবেদনও বৈঠকে উপস্থাপন করা হয়।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের অনুসন্ধান, তদন্ত, রায় ও আদেশের কার্যকারিতার মাধ্যমে বাজারে প্রতিযোগিতাবিরোধী চুক্তি, যোগসাজশ, কৃত্রিম সংকট সৃষ্টি, সরবরাহ নিয়ন্ত্রণ ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মতো অবৈধ কার্যক্রম নিরুৎসাহিত করার তাগিদ দেওয়া হয়। বিশেষ করে ভোজ্যতেল, ডিম, মুরগি, আটা, ময়দা, চাল, পেঁয়াজ ও আলুর মতো অতিপ্রয়োজনীয় পণ্যের যোগসাজশমূলক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করে কমিটি।
বৈঠকে বিদেশে বাণিজ্য মিশনে কর্মকর্তা পদায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের ভাষা জ্ঞান ও পেশাগত অভিজ্ঞতাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি, আমদানি-রপ্তানি কার্যক্রমে ডিলার নিয়োগের ক্ষেত্রে অনিয়ম রোধ ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম ও চুক্তি দ্রুত বাস্তবায়নের পরামর্শ দিয়েছে কমিটি। দেশের সর্বস্তরে জনসেবার মান আরও বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।




