ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ


ফ্রান্সের সঙ্গে অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতাকে আরও জোরদার এবং সম্প্রসারিত করার গভীর প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে তার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশে ফ্রান্সের বিনিয়োগ বৃদ্ধি, চলমান উন্নয়ন প্রকল্পে সহযোগিতা জোরদার, নতুন প্রকল্পে সহায়তা এবং ব্যবসা-বাণিজ্যের পরিধি সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়। বিশেষ করে, ফ্রান্সের এয়ারবাস থেকে বাংলাদেশ সরকারের ১০টি উড়োজাহাজ কেনার বিষয়ে আলোচনায় উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ, স্যানিটেশন এবং টেকসই নগর ব্যবস্থাপনায় ফ্রান্সের দীর্ঘদিনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে এই সহযোগিতার পরিধি আরও বাড়ানোর মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের অংশীদারত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় ফ্রান্সের উন্নয়ন সহযোগিতা সংস্থা এজেন্স ফ্রঁসেজ দ্য ডেভেলপমঁ (এএফডি)-এর চারটি বড় প্রকল্প চলমান রয়েছে। প্রকল্পগুলো হলো:
-
সায়েদাবাদ পানি পরিশোধন প্ল্যান্ট (তৃতীয় পর্যায়)
-
ঢাকা এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্প (তৃতীয় পর্যায়)
-
চট্টগ্রাম মেট্রোপলিটন স্যানিটেশন প্রকল্প ফর নর্থ কাট্টলী ক্যাচমেন্ট
-
ইমপ্রুভিং আরবান গভর্নেন্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প
এসব প্রকল্পে ফ্রান্সের পক্ষ থেকে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন শহর ও পৌর এলাকায় পানি সরবরাহ, অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি উন্নয়নে ‘ওয়াটার সাপ্লাই, ইনক্লুসিভ স্যানিটেশন অ্যান্ড হাইজিন প্রজেক্ট ইন সেভেন টাউনস অব বাংলাদেশ’ শীর্ষক একটি নতুন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠকে বিনিয়োগ সম্প্রসারণ, প্রকল্পগুলোর কার্যকর বাস্তবায়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সৌজন্য সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




