মিরপুরে বিআরটিএ কার্যালয়ে অভিযান, দুই দালালের কারাদণ্ড

ঢাকার মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে তিন দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অপর একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত মঙ্গলবার (৬ অক্টোবর) বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেল (মিরপুর-১৩) কার্যালয়ে এই অভিযান পরিচালনা করা হয়। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে এ অভিযান চালানো হয়।

আটককৃতদের মধ্যে মো. মিলনকে এক মাস এবং মো. রাজীবকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অপরাধ স্বীকার করায় অন্য একজনকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে সতর্কবার্তাসহ ছেড়ে দেওয়া হয়।

বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, কার্যালয়ে আসা সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ এবং সম্পূর্ণ দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতেই এই ঝটিকা অভিযান চালানো হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান জানান, এই প্রতারক চক্রটি দ্রুত সেবা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মোটা অঙ্কের টাকা-পয়সা হাতিয়ে নিত বলে তাদের কাছে নিয়মিত অভিযোগ আসছিল। সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে এবং বিআরটিএকে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

Related Articles

Back to top button