মৎস্য খাতে বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান


দেশের মৎস্য খাতে সরকারের বাজেটের যথাযথ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি এবং জনগণের পুষ্টি চাহিদা পূরণে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক।
বুধবার (৬ অক্টোবর) মৎস্য অধিদপ্তরের ৫ম তলায় সম্মেলন কক্ষে আয়োজিত ‘বাজেট ও সরকারের উন্নয়ন ভাবনা’ শীর্ষক এক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া আলোচক হিসেবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ এবং সম্মানিত অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাত অসামান্য অবদান রাখছে। তিনি কেবল উৎপাদন বৃদ্ধিতেই সীমাবদ্ধ না থেকে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, প্রাকৃতিক জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা, মৎস্য অভয়াশ্রম সম্প্রসারণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বর্তমানে প্রান্তিক পর্যায়ে অনেক তরুণ মৎস্য উদ্যোক্তা তৈরি হচ্ছে। তাদের সার্বিক তদারকি নিশ্চিত করতে তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন। পাশাপাশি সমবায়ভিত্তিক মৎস্য চাষ, খাল খনন কর্মসূচি পরিচালনা এবং মাছ রপ্তানি আয় বৃদ্ধির ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন বলেন, দেশের প্রায় ২০ কোটি মানুষের আমিষের চাহিদা মেটাতে মৎস্য অধিদপ্তর প্রধান ভূমিকা পালন করছে। রপ্তানি বাণিজ্য বহুমুখী করতে ও উন্নয়ন গতিশীল রাখতে মাঠ পর্যায়ের কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দেন তিনি।
সমাপনী বক্তব্যে সভাপতি ড. মো. খালেদ কনক বলেন, সরকারের গৃহীত বাজেট ও উন্নয়ন পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে স্বল্প ব্যয়ে অধিক উৎপাদন নিশ্চিত করতে হবে। পাশাপাশি মৎস্যচাষি ও প্রান্তিক মৎস্যজীবীদের প্রয়োজনীয় সেবা প্রদানে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ নিবেদিত থাকার অনুরোধ জানান তিনি।




