চট্টগ্রামে চিকিৎসার নামে ‘ঝাড়ফুঁক’: বাবার হাতে প্রতিবন্ধী ছেলের মৃত্যু


চট্টগ্রামের কর্ণফুলীতে ভণ্ড কবিরাজের পরামর্শে কথিত চিকিৎসা ও ঝাড়ফুঁক দেওয়ার সময় বাবার হাতে সাঈদ মোহাম্মদ আবদুল্লাহ (১৮) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার জুলধা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এবাদুল্লাহর বাপের বাড়ি এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বাবা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চৌকিদার নুর মোহাম্মদকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাঈদ জন্মগতভাবেই মানসিক প্রতিবন্ধী ছিলেন। তার বাবা নুর মোহাম্মদ নিজেও এলাকায় কবিরাজি চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন। মঙ্গলবার নিজ বাড়িতে কথিত এক ভণ্ড পীর বা কবিরাজের পরামর্শ অনুযায়ী ছেলেকে ঝাঁড়ফুঁক ও তথাকথিত চিকিৎসা দিতে শুরু করেন নুর মোহাম্মদ। চিকিৎসার নামে একপর্যায়ে সাঈদকে লাঠি দিয়ে আঘাত করা হয় এবং মুখের ভেতর লাঠিসদৃশ কোনো বস্তু ঢুকিয়ে দেওয়া হয়। এতে অতিরিক্ত নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়ে ঘটনাস্থলেই ওই যুবকের করুণ মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়। জুলধা ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম বদি জানান, অভিযুক্ত নুর মোহাম্মদ তাদের ইউনিয়ন পরিষদের চৌকিদার ছিলেন এবং গত কয়েকদিন ধরেই তার ব্যবহারে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছিল।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, পরিবারের ভুল চিকিৎসা ও ঝাড়ফুঁকের কারণেই ছেলেটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




