চট্টগ্রামে চাঁদাবাজি-ছিনতাই: প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার


চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় করা চাঁদাবাজি ও ছিনতাই মামলার প্রধান আসামি মো. হৃদয়কে (২৭) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাতে সরাইল সদর ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হৃদয় চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার তুলাতুলি বস্তি এলাকার গোয়ালপাড়ার মো. মাসুদের ছেলে।
বিশেষায়িত দল এসআরবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালি থানার মামলার পলাতক প্রধান আসামি হৃদয়ের অবস্থান নিশ্চিত করা হয়। পরে এসআরবির চট্টগ্রাম ও সিলেট ইউনিট যৌথভাবে সরাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
চট্টগ্রাম এসআরবির সহকারী পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামি হৃদয়কে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




