মেয়ের চাপে যশোর থেকে ঢাকায় হেরোইন আনছিলেন ৬৫ বছরের মা


রাজধানীর যাত্রাবাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ ৬৫ বছর বয়সী মাসুমা খাতুন নামের এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গত মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় যাত্রাবাড়ীর ধোলাইপাড় গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইন এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যশোর থেকে ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ বাসে করে এক নারী হেরোইন নিয়ে ঢাকায় আসছেন। এই তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি দল ধোলাইপাড় গোল চত্বরে অবস্থান নেয় এবং সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে বাসটি থামিয়ে তল্লাশি চালায়। পরে বাসের মাঝের আসনে বসা মাসুমা খাতুনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় এবং ডিএনসির নারী সদস্যদের সহায়তায় তার পরিহিত পোশাকের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো পলিব্যাগে লুকিয়ে রাখা ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুমা খাতুন দাবি করেন, তার মেয়ে তাহমিনার চাপ ও নির্দেশেই তিনি যশোর থেকে বাসে করে এই হেরোইনের চালান ঢাকায় নিয়ে আসছিলেন। শুধু তাই নয়, এর আগেও একই উপায়ে তিনি আরও দুবার মাদক বহন করেছেন বলে জানান। প্রাথমিক অনুসন্ধানে যাত্রাবাড়ী এলাকায় মেয়ে তাহমিনার মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে।
ডিএনসি জানিয়েছে, এ ঘটনায় শুধু বহনকারী হিসেবে গ্রেপ্তার হওয়া নারীকে ঘিরেই তদন্ত সীমাবদ্ধ রাখা হচ্ছে না। মাদকের মূল উৎস কোথায়, কার কাছ থেকে চালানটি সংগ্রহ করা হয়েছিল, ঢাকায় কার কাছে তা পৌঁছে দেওয়ার কথা ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত—সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।
বিশেষ করে পরিবারের সদস্য বা অপেক্ষাকৃত বয়স্ক নারীদের ব্যবহার করে মাদক পরিবহনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তার মাসুমা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং জব্দ করা মোবাইলফোনের কল রেকর্ড ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।




