বন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামালের ঘাটতি, রাজস্ব ঝুঁকি ৯ কোটি টাকা


চট্টগ্রামের পাহাড়তলীতে বন্ডেড প্রতিষ্ঠান ‘জ্যাস অ্যাকসেসরিজ (বিডি) লিমিটেড’-এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঁচামালের ঘাটতি পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এতে শুল্ক-কর বাবদ প্রায় ৯ কোটি ১০ লাখ ৪৭ হাজার ১৫৪ টাকার রাজস্ব ঝুঁকিতে পড়েছে।
সোমবার (৫ অক্টোবর) কাস্টমস গোয়েন্দার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলীর উত্তর কাট্টলীতে অবস্থিত ওই কারখানায় অভিযান পরিচালিত হয়। অনলাইন হিসাব অনুযায়ী গুদামে ১৯ লাখ ২০ হাজার ৮৫৭ কেজি কাঁচামাল থাকার কথা থাকলেও, সরেজমিনে মিলেছে মাত্র ৫ লাখ ৮৫ হাজার ৫৮১.২ কেজি। ফলে মোট ১৩ লাখ ৩৫ হাজার ২৭৫.৮ কেজি কাঁচামালের ঘাটতি দেখা যায়, যার শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ২৪ কোটি ৯৬ লাখ টাকা।
প্রতিষ্ঠানটি শুল্কমুক্ত সুবিধায় এলডিপিই, পিপি, ডুপ্লেক্স বোর্ডসহ বিভিন্ন শিল্প কাঁচামাল আমদানি করে থাকে। কাস্টমস গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এসব কাঁচামাল বন্ডের শর্ত ভেঙে খোলা বাজারে বিক্রি বা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে কি না। তদন্ত শেষে অনিয়ম ও অপব্যবহারের প্রমাণ মিললে প্রযোজ্য আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।




