জনগণ লম্বা সময় ভয়ে থাকবে না, রুখে দাঁড়াবে: ব্যারিস্টার ফুয়াদ

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, জনগণ চিরদিন ভয় পেয়ে থাকবে না, অন্যায়ের বিরুদ্ধে ঠিকই উঠে দাঁড়াবে—যার প্রমাণ ২০২৪ সালেই দেশবাসী দিয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক বিভিন্ন অপ্রীতিকর ঘটনার সমালোচনা করে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীকে দেশের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর লালন মাজারে হামলা এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, মূল অপরাধের বিচার না করে ভিকটিমকে দোষারোপ করা ও ব্যক্তিগত জীবন নিয়ে কাদা ছোড়া বন্ধ করতে হবে। এ ছাড়া এয়ারপোর্টের অব্যবস্থা নিয়ে প্রতিবাদকারী আখতারুজ্জামানের প্রসঙ্গের টেনে তিনি মন্তব্য করেন, মূল অন্যায়ের প্রতিবাদ না করে মানুষের প্রতিবাদের ধরণ নিয়ে বিতর্ক তৈরি করা ফালতু বিষয়।

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবি করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, এটি নিছক সাধারণ হত্যাকাণ্ড নয়, এর পেছনে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী বড় শক্তি জড়িত। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মরণ করিয়ে দেন যে, ওসমান হাদির কফিনে হাত রেখে দেওয়া বিচার নিশ্চিতের ওয়াদা যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়। একই সঙ্গে দেশপ্রেমিক সবাইকে আজাদি ও ইনসাফের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

Related Articles

Back to top button